গোলাপগঞ্জ প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০১৮ ২১:৫৬

সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তুলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে কাজ করছে। এখন অনার্স-মাস্টার্স করে তারাও যেকোন চাকুরি নিতে পারছে।

তিনি বলেন, সরকার শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। নতুন প্রজন্ম যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সেভাবে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার লক্ষণাবন্দ স্কাউটস আঞ্চলিক কেন্দ্রে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় শিক্ষামন্ত্রীকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি দেশে আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাদের আন্তরিক প্রচেষ্টা থাকলে আমরা তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করতে পারব।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনসুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজা মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রেজাউল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবা উদ্দিন, শিক্ষক ইসমাইল হোসেন খান, বিলাল আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আব্বাছ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত