১৪ জানুয়ারি, ২০১৮ ১২:৪৬
গোলাপগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও পরিবারের লোকজন দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যা।
রোববার (১৪ জানুয়ারি) ভোর রাতে পৌর এলাকার রণকেলী উত্তরের বনবাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক রণকেলী উত্তর গ্রামের সিকন্দর আলী ওরফে সিকই মিয়ার ছোট ছেলে আব্দুল খালিক (৩০)।
পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে আব্দুল খালিক প্রতিদিনের মত বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। রোববার ভোর রাতে আব্দুল খালিকের পরিবারের লোকজন ঘরের মধ্যে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা ও একটি বালতির ভিতরে তার লাশ পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসেরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত আব্দুল খালিকের বড় ভাই বাবুল আহমদ বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পরিদর্শক তদন্ত মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, যুবক মাফলার গলায় বেঁধে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেটি আত্মীয়রা খুলে ফেলেছেন। এছাড়াও কোন শারিরীক নির্যাতনের দাগ পাওয়া যায়নি। তবে পরিবারের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য