নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০১৮ ২৩:০৪

সিলেটে শুক্রবার নাগরীলিপির বই উৎসব

সিলেট আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে সিলেটি নাগরীলিপির নবজাগরণের আনন্দে বই উৎসব। নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই উৎসব।

ওইদিন বেলা তিনটায় উৎসবের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় নাগরীলিপিতে রচিত সাধকদের গানের সঙ্গে নৃত্য পরিবেশিত হবে।

উদ্বোধনের পরপরই ‘নাগরীলিপির নবযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হবে। উৎসবে আরও থাকবে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, আজীবন সম্মাননা প্রদান, পুঁথিপাঠ, সংগীতানুষ্ঠান ও মঞ্চনাটক।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। লেখক ও চার্টার্ড একাউন্ট্যান্ট মসিহ্ মালিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেবেন উৎস প্রকাশনের প্রধান নির্বাহী ও লেখক মোস্তফা সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মেট্টোপলিটন ইউনিভার্সিটির ইমিরেটাস অধ্যাপক মো. আবদুল আজিজ, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি ও সিলেটি নাগরীলিপি গবেষক ডক্টর মোহাম্মদ সাদিক, লোকগবেষক ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবুল আহসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার, গ্রীণডেল্টা ইন্সুরেন্স কোম্পানির উপদেষ্টা নাসির এ চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক কাবেদুল ইসলাম, শিশুসাহিত্যিক আলী ইমাম এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।

আলোচনা সভার পরপরই পুঁথিপাঠ ও সংগীতানুষ্ঠান হবে। এতে দেশের প্রথিতযশা বাউলশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। সবশেষে মঞ্চায়িত হবে নবশিখা নাট্যদলের পরিবেশনায় নাটক ‘সাত কইন্যার কাহান’।

উৎসবে সিলেটের ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান ও গণগ্রন্থাগার কর্তৃপক্ষকে নাগরীলিপিতে রচিত পঁচিশটি গ্রন্থের ‘নাগরী গ্রন্থসম্ভার’ তুলে দেওয়া হবে। এসব অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মোস্তফা সেলিম।

আপনার মন্তব্য

আলোচিত