জামালগঞ্জ প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০১৮ ১৭:২২

জামালগঞ্জে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের জামালগঞ্জ শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনের পর আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ শাখার আহবায়ক ও জেলা কমিটির সহ সভাপতি ইউসুফ আল আজাদ। সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুলফিকার চৌধুরী রানা, ফেনারবাঁক ইউপি যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ভীমখালী ইউপি যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, সদস্য সিমা তালুকদার, কাশেম আখঞ্জী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, সাবেক যুগ্ম আহবায়ক মকবুল আফিন্দী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবু তাহের তালুকদার, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগের সভাপতি মো. শিরিন তালুকদার, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন সহ স্থানীয় কৃষক ও বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ।

বক্তারা বলেন, আগাম বন্যার হাত থেকে আমাদের বোরো ফসল সুরক্ষার জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থ (কাবিটা) দ্বারা বাঁধ, বেরী বাঁধ, ক্লুজার সহ সংস্কার ও পুন:মেরামতকরণ, প্রকল্প বাস্তবায়নের কাজ সরকারের নির্দেশ অনুযায়ী পিআইসিদের মাধ্যমে যথা সময়ে সম্পন্ন করার জন্য হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন  জামালগঞ্জ শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ৩টি দাবি জানাচ্ছি।

দাবিসমূহ হল- যে সকল হাওরে বাঁধে ফসল রক্ষার কাজ এখনো শুরু হয়নি তা অবিলম্বে শুরু করতে হবে। বাঁধ নির্মাণ কাজ তদারকিতে বাংলাদেশ সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করতে হবে। দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদেরকে পিআইসিতে রাখা যাবে না।

উপরোক্ত দাবিগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানান তারা। পরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের মাধ্যমে তাদের আবেদন দাখিল করেন।

আপনার মন্তব্য

আলোচিত