নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৭

তানিম হত্যা: ৫ দিনের রিমান্ডে ডায়মন্ড ও রুহেল

নিহত তানিম খান

সিলেটের টিলাগড়ে ছাত্রলীগকর্মী তানিম হত্যা মামলার আসামী জয়নাল আবেদিন ডায়মন্ড ও রুহেল আহমদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাদেরকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এ দু'জন আসামীকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

এদিকে আসামী ধরতে নগরীর টিলাগড় এলাকার বিভিন্ন মেসে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আসামী ধরতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ওসি আখতার হোসেন। তবে এ সকল অভিযানে কোন আসামী গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, "আসামী ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। মামলার পর থেকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে"।

তানিম হত্যা পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে অস্বীকৃতি জানালে গত ১১ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন তানিমের বন্ধু ও একই গ্রুপের ছাত্রলীগ কর্মী দেলওয়ার হোসেন রাহী। 

এ মামলার প্রধান আসামী করা হয়েছে সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ভাতিজা সাজিদুর রহমান আজলাকে।

এছাড়া এ মামলায় অন্যান্য আসামীরা হলেন, শেখ মোতাছির আহমদ, জয়নাল আবেদিন ডায়মন্ড, আলী আহমদ, মাহিন, রুহেল আহমদ, আফজল মিয়া, জুনেদ আহমদ, দেওয়ান মুরাদ হাসান, বদরুজ্জামান সাগর, সৌরভ আর্চায্য, রাহাত, ফরহাদ, হাসান আহমদ, মিজানুর রহমান মিজান, রাহাত আহমদ, অনিরুদ্ধ মজুমদার পলাশ, সুমন মিয়া ওরফে পাখি সুমন, উমেদ, আরিফ আহমদ, রঞ্জন দে, বখতিয়ার আকরাম অনি, সজিবুর রহমান, কাউসার জামাল, এমদাদুল করিম ওমর, অদি অয়ন, জাকির হোসেন, সুমন দাস, তারেক আহমদ ও তজমুল আলী। এছাড়াও আরো ৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

গত রোববার (৭ জানুয়ারি) রাত ৯টায় সিলেট নগরের টিলাগড় এলাকায় আধিপত্যের জের ধরে ছুরিকাঘাতে তানিমকে হত্যা করা হয়। তানিম সিলেট সরকারী কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী।

তানিম সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার অনুসারি ছাত্রলীগ কর্মী।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিল ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ অনুসারি ছাত্রলীগ কর্মীরা এ হত্যকান্ডের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ করে আসছেন তানিমের সহপাঠীরা। বুধবার দায়েরকৃত মামলায়ও আজাদের ভাতিজাসহ তার অনুসারীদের আসামী করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত