সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৮ ০৩:৫১

নাগরীলিপির বই উৎসবে নবশিখার ‘সাত কন্যার কাহান’

শুক্রবার অনুষ্ঠিত হবে সিলেটি নাগরীলিপির নবজাগরণের আনন্দে বই উৎসব। এই উৎসবে মঞ্চস্থ হবে নবশিখা নাট্যদলের নাটক ‘সাত কন্যার কাহান’। কবি শাহনুরের সাত কন্যার বাখান অবলম্বনে নাটকটি রচনা করেছেন রুমা মোদক, নির্দেশনায় দিয়েছেন সুশান্ত কুমার সরকার,নাটকের সার্বিক   তত্ত্বাবধানে সুদীপ চক্রবর্তী। নাগরীলিপির বই উৎসবের সাংস্কৃতিক পর্বে নাটকি মঞ্চস্থ করা হবে।

নাটকে সাত যুগে সাত নারীর প্রতি সামাজিক অত্যাচার, শোষণ, আর নারীদের ঘুরে দাঁড়ানোর চিত্র তুলে ধরা হয়েছে।

নবশিখার নাটক ছাড়াও উৎসবে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, আজীবন সম্মাননা প্রদান, পুথিপাঠ, সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বেলা তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উৎসবের উদ্বোধন করেন। এ সময় নাগরীলিপিতে রচিত সাধকদের গানের সঙ্গে নৃত্য পরিবেশিত হবে। উদ্বোধনের পরপরই ‘নাগরীলিপির নবযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হবে।

এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বক্তব্য দেবেন। এ পর্বে লেখক ও চার্টার্ড একাউন্ট্যান্ট মসিহ্ মালিক চৌধুরীর সভাপতিত্বে উৎস প্রকাশনের প্রধান নির্বাহী ও বিশিষ্ট লেখক মোস্তফা সেলিম স্বাগত বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমিরেটাস অধ্যাপক মো. আবদুল আজিজ, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি ও সিলেটি নাগরীলিপি গবেষক ডক্টর মোহাম্মদ সাদিক, লোকগবেষক ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবুল আহসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৌরভ শিকদার, গ্রীণডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির উপদেষ্টা নাসির এ চৌধুরী, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক কাবেদুল ইসলাম, শিশুসাহিত্যিক আলী ইমাম এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম।

আলোচনা সভার পরপরই পুথিপাঠ ও সংগীতানুষ্ঠান হবে। এতে দেশের প্রথিতযশা বাউলশিল্পীরা সংগীত পরিবেশন করবেন। সবশেষে মঞ্চায়িত হবে নবশিখা নাট্যদলের পরিবেশনায় ‘সাত কইন্যার কাহান’ নাটকটি।

এ ছাড়া উৎসবে সিলেটের ২০০ শিক্ষাপ্রতিষ্ঠান ও গণগ্রন্থাগার কর্তৃপক্ষকে নাগরীলিপিতে রচিত পঁচিশটি গ্রন্থের ‘নাগরী গ্রন্থসম্ভার’ তুলে দেওয়া হবে। এসব অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মোস্তফা সেলিম।

আপনার মন্তব্য

আলোচিত