২৪ জানুয়ারি, ২০১৮ ২৩:৩৭
মৌলভীবাজারের বড়লেখা পল্লি বিদ্যুৎ সমিতির ভূতুড়ে বিলে মুখে পড়েছেন এক গ্রাহক। এনিয়ে অভিযোগ করে ফল পাননি তিনি। অভিযোগ পেয়ে মিটার পরিবর্তন করলেও বিলে উল্লেখিত টাকা মওকুফ করেনি পল্লি বিদ্যুৎ। উপরন্তু অভিযোগে উল্লেখ টাকা পরিশোধে চিঠি দেওয়া হয়েছে গ্রাহককে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার গোয়ালবাড়ি গ্রামের আব্দুন নূর (হিসাব নং-৮৪২/৩২০০) ২০০৩ সালে বসত বাড়িতে একটি আবাসিক বিদ্যুৎ সংযোগ নেন। গত বছরের বিভিন্ন মাসে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসতো। কিন্তু গত বছরের অক্টোবর মাসে ৩৫ হাজার ৯ শত ১৪ টাকার মতো বিল দেওয়া হয়।
মিটারে অতিরিক্ত বিল আসায় গত ১৬ নভেম্বর বড়লেখা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম বরাবরে তিনি লিখিত আবেদন করেন। ১৭ নভেম্বর মিটারটি পরিবর্তন করে দেওয়া হয়। মিটার পরিবর্তন করলেও ওই মাসের ২০ তারিখ মিটার সঠিক বলে গ্রাহককে জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে গ্রাহককে টাকাগুলো পরিশোধ করতে চিঠি দেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারি মাসের বিলের সঙ্গে অক্টোবরের বকেয়া যোগ করে পল্লি বিদ্যুতের বড়লেখা জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষরিত এক চিঠিতে বিলটি পরিশোধ করার জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে বড়লেখা পল্লি বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় বলেন, ‘আমার কাছে লোকজন এসেছিলেন। আমি তাদের বুঝিয়ে বলেছি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আমাদের লোকজন যাবে সেখানে। কোনো কারণে যদি বিদ্যুৎ ব্যবহার হয়ে যায়, তাহলে এরকম বিল চলে আসে। তারা আগে আবেদন করেছিলেন। পরে মিটার পরীক্ষা করে দেখা হয়েছিল। বিলটি সঠিক ছিল। এই বিলটা নিয়ে মিটার আবারও পরীক্ষা করা হবে।’
আপনার মন্তব্য