নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:১৯

নগরীর ব্যস্ত সড়ক অনেকটাই ফাঁকা, যান চলাচল কম

আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের রায় আজ ঘোষণা হবে। আর এ রায়কে কেন্দ্র করে নগরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

কড়া পুলিশী নিরাপত্তার মধ্যেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় নগরীতে কম রয়েছে যানচলাচল। জরুরি প্রয়োজন ছাড়াও মানুষ চলাচলও সীমিত রয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর আম্বরখানা, চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার, রিকাবীবাজার, বন্দরবাজার, মিরাবাজার ও শিবগঞ্জ এলাকা ঘুরে দেখা যায়, অতিরিক্ত পুলিশের প্রহরার মধ্যেও সাধারণ মানুষের চলাচল খুবই সীমিত রয়েছে।

নগরীর আম্বরখানার চায়ের দোকানী প্রেম কুমার জানান, সকাল থেকেই মানুষজন একান্ত প্রয়োজন ছাড়া বের হচ্ছে না, সবাই আতঙ্কিত হয়ে আছে, তাই ব্যবসাও স্বাভাবিকভাবে হচ্ছে না।

জিন্দাবাজার মোড়ের কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেও জানা যায়, তারা আজ অন্যান্য দিনের অনেক পরে দোকানপাট খুলেছেন। তারপরও লোকসমাগম কম হচ্ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনেকটা শঙ্কা নিয়ে নগরীর অনেকে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছেন। সকাল থেকে উৎকণ্ঠার মধ্যেও কর্মক্ষেত্রের দিকে ছুটছেন নগরবাসী।

তবে নাশকতা প্রতিরোধে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। ২দিন আগে থেকেই পুলিশ মাঠে নেমেছে। এদিকে, নিরাপত্তার স্বার্থে বুধবার সকাল থেকে সিলেটের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চালানো হয় ব্যাপক তল্লাশি। নগরীতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রায়ের পর যেনো কোন নাশকতার ঘটনা না ঘটে সেদিকেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এদিকে, খালেদা জিয়ার রায়কে ঘিরে যেকোনো ধরণের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।

ধরপাকড় বিষয়ে তিনি বলেন, এখানে অযথা কাউকেই হয়রানি করা হচ্ছে না। শুধু মামলার আসামিদেরই গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, কেউ নাশকতা করার চেষ্টা করলে শক্ত হাতে তাদের দমন করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ অবস্থান নিয়েছে।

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সিলেটে ৬ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

তিনি বলেন, সিলেট নগরীর জন্য ৪ প্লাটুন ও জেলার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলেই তাদের মাঠে নামানো হবে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক।

মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার প্রাক্তন সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আপনার মন্তব্য

আলোচিত