০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৩:২৪
মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতি কালে বাধা দেয়ায় গৃহকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষা ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য গ্রামের আব্দুল হামিদের বাড়ীতে বুধবার রাত সাড়ে ৩ টায় ৮/১০ জনের মুখোশধারী একদল ডাকাত বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা আব্দুল হামিদ ঘুম থেকে উঠে বাঁধা দিলে ডাকাত দল তাকে গুলি করে। এতে আব্দুল হামিদের বামহাত গুলিবিদ্ধ হয়। গুলির শব্দ শুনে পরিবারের লোকজন জেগে উঠে চিৎকার করলে ডাকাত দল ডাকাতি করতে না পেরে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আব্দুল হামিদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল হামিদের বড়ভাই আব্দুল মানিক।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, তিনিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে জানিয়ে তিনি বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য