০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:৩৬
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা পরিস্থিতি প্রতিহত করতে মৌলভীবাজারে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দকে দেখা গেছে। এছাড়া শহরের বিভিন্ন সড়কে পুলিশের টহল চলছে।
এদিকে দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালিসহ কোর্ট রোডে আওয়ামী লীগ নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে। শহরের বেরীরপাড়, প্রেসক্লাব মোড় ও চৌমোহনায় চত্বরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের অবস্থান করছেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি জানান, আমরা শান্তিপূর্ণভাবে শহরে অবস্থান করেছি। কোন সহিংস কর্মকান্ড মেনে নেয়া হবে না।
মৌলভীবাজার সদর সার্কেলের এডিশনাল এসপি রাশেদুল ইসলাম জানান, এখন পর্যন্ত শহরের সার্বিক পরিস্থিতি শান্ত ও সুশৃঙ্খল রয়েছে।
আপনার মন্তব্য