০৮ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:২৭
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদানের মাধ্যমে আওয়ামী অবৈধ বাকশালী সরকার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কের কালেমা লেপন করেছে। জাতি এই অন্যায় ও অবৈধ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই মিথ্যা মামলায় ৫ বছর তো দূরের কথা এক সেকেন্ডের সাজা প্রদানের কোন সুযোগ নেই। আদালত সরকারের আজ্ঞাবহ হিসেবে সরকারের কর্তা ব্যক্তিদের লিখে দেয়া রায় শুধু পড়ে শুনিয়েছেন মাত্র। এজন্য আওয়ামী লীগ ও তাদের দোসরদের কঠোর মূল্য দিতে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রায় পরবর্তী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, 'অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র পূরণ করতেই ষড়যন্ত্রমূলক মামলায় অন্যায় ও অবৈধ রায় প্রদান করেছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগ গণতন্ত্রের দুষমন, বাকশালের জন্মদাতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে শেখ হাসিনার আওয়ামী লীগকে এদেশে রাজনীতির সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইতিহাসের সাথে গাদ্দারি করেছে। ইতিহাস তাদের কোনদিন ক্ষমা করবে না।
বিবৃতিতে তারা আরো বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখার সাধ্য বাকশালীদের নেই। গণবিস্ফোরনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্যই এ রায় দেওয়া হয়েছে। এ রায় বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এটা গণবিরোধী রায়। একজন ব্যক্তিকে খুশি করার জন্য এই রায় দেয়া হয়েছে। রায়ে ন্যায়বিচার হয়নি। শুধু চাকরি রক্ষার্থে আদালত এ রায় দিয়েছে।’
আপনার মন্তব্য