সদরুল আমিন

০৯ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:৩৬

দোয়ারাবাজারে পাচারকালে ৪ দিনে ৭ টন চাল জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজারের ৯ ইউনিয়নে গত ৪ দিনে সরকারি চাল পাচারকালে ৭ টন চাল আটক করেছে পুলিশ। চাল নিয়ে এই চালবাজির ঘটনায় উদ্বিগ্ন উপজেলাবাসী।

উপজেলার ৯ ইউনিয়নে ১০টি ওএমএস কেন্দ্র রয়েছে। চাল পাচারের কারণে উপজেলা সদরের দুটি ছাড়া বাকি ৮টি ওএমএস কেন্দ্রে বেশিরভাগ সময় ন্যায্যমূল্যের চাল পাচ্ছেন না ক্রেতারা।

পূর্ব বাংলাবাজারের ডিলার সেলিম আহমদের ভগ্নিপতি আবদুল মোমিনের চালের আড়ত থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ১৫ বস্তা ওএমএসের চাল উদ্ধার করেছে পুলিশ। এসময় আবদুল মোমিনকে গ্রেপ্তার করা হয়।

একই দিনে ওই বাজারের আবদুল কাদেরের দোকান থেকে ১৪ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এর আগে সোমবার পাচারকালে দোয়ারাবাজার-ছাতক সড়ক থেকে দুটি ট্রাকসহ ৬ টন সরকারি চাল জব্দ করা হয়।

দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু বলেন, "সরকারি চাল পাচারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। মানুষ ওএমএস কেন্দ্রে গিয়ে চাল পায় না। অথচ সরকারি চাল আড়তদারের গোডাউনে পাওয়া যায়। সোমবার ৬ মেট্রিক টন চাল জব্দের পর দোয়ারাবাজার খাদ্যগুদামের ওসি এলএসডি অলক বৈষ্ণব ও নরসিংপুর ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন তাৎক্ষণিক দাবি করেছিলেন, এই চাল নরসিংপুর ইউনিয়ন পরিষদের। কিন্তু ট্রাকচালক বলেছিল এই চাল গুদামের সামনে থেকে উঠেছে, যাবে ছাতকের বাঘবাড়ির মকবুল চৌধুরীর গুদামে। এসব আচরণ রহস্যজনক, এগুলো তদন্ত করা প্রয়োজন।"

পূর্ব বাংলাবাজারের অভিযুক্ত ওএমএস ডিলার সেলিম আহমদ জানান, কেবল বুধবার তিনি চাল তোলেননি, এর আগে তুলেছেন। পূর্ব বাংলাবাজারে পুলিশের জব্দ করা চাল তার নয়। এর আগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, অগ্রহায়ণ মাস থেকে তিনি চাল তোলেননি।

দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, "গরিব-অসহায় মানুষের সহায়তার চাল কালোবাজারে বিক্রি হচ্ছে, এটা মানা যায় না। এ জন্যই পুলিশ অভিযান চালিয়ে চাল জব্দ করেছে। সোমবার আটক করা দুই ট্রাক চাল খাদ্যগুদামের সামনে থেকে উঠেছে। এটি ট্রাকচালকরা আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও স্বীকার করেছে। জবানবন্দিতে চালের মালিকের নাম না বলতে পারলেও পাচার করা চাল ছাতকের মকবুল চৌধুরীর গুদামে নিয়ে যাওউয়া হচ্ছিলো বলে স্বীকার করেছে। বৃহস্পতিবার পূর্ব বাংলাবাজারের কাদের মিয়া ও আবদুল মোমিনের চালের আড়ত থেকে ২৯ বস্তা চাল আটক হয়েছে। আবদুল মোমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ওএমএস ডিলার সেলিম আহমদের বোনের জামাই।"

চাল পাচারের ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা অলক বৈষ্ণব বলেন, "সোমবার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চাল ওঠানো হয়েছিল। এজন্য ট্রাক আটকের পর আমরা এই চাল নরসিংপুর ইউনিয়নের দাবি করেছিলাম। সন্ধ্যার পর নিশ্চিত হওয়া গেছে, এই চাল নরসিংপুর ইউনিয়নের নয়। কার চাল আমি জানি না।"

পূর্ব বাংলাবাজারে চাল আটকের খবর তার জানা নেই জানিয়ে তিনি বলেন, ওএমএসের চাল বুধ ও বৃহস্পতিবার কোনো ডিলার তোলেননি। ওএমএসের চাল তুলে বিক্রি না করার কোনো অভিযোগ তারা পাননি। খাদ্যগুদামে কোনো অনিয়ম হচ্ছে না বলেও দাবি তার।

আপনার মন্তব্য

আলোচিত