১২ মার্চ, ২০১৮ ১৬:১৫
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটির চাপায় এরশাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক গাইবান্ধা জেলার আজহার মিয়ার পুত্র।
সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার সিলমানের পাড়া গ্রামের আজহার মিয়ার পুত্র এরশাদ মিয়া দীর্ঘদিন যাবত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের খুঁটি সরবরাহ ও বসানোর ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় খুঁটি বসানোর জন্য ঠেলা দিয়ে বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়ার পথেই হঠাৎ করে ঠেলাগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে শ্রমিক এরশাদ মিয়ার ওপর পড়ে যায়।
এ সময় তাঁর সঙ্গীয় লোকজন ও স্থানীয় লোকদের সহযোগিতায় প্রাণপণ চেষ্টার ফলে খুঁটির নীচ থেকে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আপনার মন্তব্য