০৩ নভেম্বর, ২০২৬ ১৮:৪৬
জিন বিজ্ঞানী, লেখক এবং গবেষক ডক্টর আবেদ চৌধুরী বলেছেন, খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না। আমাদের জীবন স্বচ্ছ ঝরণাধারার মতো নয়। তাই পূর্ণাঙ্গ মানুষ হতে হলে চিরকালীন মানবতাকে হৃদয়ে ধারণ করতে হবে।
তিনি বলেন, গবেষণা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। কেননা গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে আসে। আর মানব কল্যাণই শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগ আয়োজিত নিয়মিত লেকচার সিরিজ, ‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম: এক্সপার্ট ইনসাইটস’ এর দ্বাদশ আসরে আমন্ত্রিত বক্তা হিসেবে তিনি এ বক্তব্য রাখেন।
‘পঞ্চব্রীহি’ ধানের আবিস্কারক এ গবেষক ও লেখক তাঁর বক্তব্যে বলেন, ক্লাসরুম হচ্ছে শিক্ষার মহড়া। আমাদের প্রতিনিয়ত শিখতে হবে জীবন থেকে। শিক্ষার্থীদের মাটির কাছে, মানুষের কাছে যেতে, মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে গবেষণা কাজে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসতে হবে। শুধু পদোন্নতির জন্য, নিজের স্বার্থের জন্য গবেষণা নয়; গবেষণা হতে হবে সমাজ ও মানুষের জন্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাণ-প্রকৃতির ভালোবাসা ছাড়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যহত হয়। তিনি আরও বলেন, শিক্ষা আদি ব্যাপার। ভাষা, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতির সমন্বয়ে শিক্ষা পূর্ণাঙ্গতা লাভ করে।
বক্তব্য অনুষ্ঠানের সূচনা হয় 'বিয়ন্ড দ্যা ক্লাসরুম' অনুষ্ঠানের কনভেনর এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথের স্বাগত বক্তব্যের মাধ্যমে। শুরুতেই তিনি বিভাগের এ ফ্ল্যাগশিপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার কথা তুলে ধরেন। পরে দ্বাদশ আসরের বক্তা ড. আবেদ চৌধুরীর বর্ণাঢ্য জীবনী পাঠ করে তাঁকে মঞ্চে আমন্ত্রণ জানান তিনি।
এরপর প্রায় ঘন্টাব্যাপী আলোচনা ও প্রশ্নোত্তরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক জ্ঞানগর্ভ আবহ সৃষ্টি হয়। একক বক্তৃতা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো শফিউল আলম।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। বিজ্ঞান, সাহিত্য এবং গবেষণা নিয়ে এ আলোচনা শিক্ষার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা সৃষ্টি করে। আলোচনা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগ প্রধানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য