১৫ মার্চ, ২০১৮ ২৩:৫০
সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। কিছু দুষ্কৃতিকারী ইসলামের নামে সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু সরকারের কঠোর অবস্থানের কারণে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে ইসলামিক ফাউন্ডেশন গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, ইমামগণ হচ্ছেন ধর্মীয় নেতা। তাদেরকে মসজিদে খুতবা ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ জনগণের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ইসলাম শান্তির ধর্ম, এখানে জোর জবরদস্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই উল্লেখ করে নুমেনী জামান বলেন, ইসলামের নামে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় তারা ইসলাম, দেশ ও মানবতার শত্রু।
আলোচনা সভায় উপজেলার সুপারভাইজার মো. মঈন উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এ কে এম ফজলুল হক শিবলী, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রহমান।
আপনার মন্তব্য