১৯ মার্চ, ২০১৮ ২০:৫০
সিলেটের অনুষ্ঠান আয়োজনের পুরনো ঐতিহ্য রয়েছে। নাটকের মাধ্যমে আমাদের ঐতিহ্য টিকে আছে, টিকে থাকবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে ‘দুই বাংলা নাট্য উৎসব’ এর উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
এসময় অর্থমন্ত্রী সিলেটের রাজা গিরীশ চন্দ্রের পুত্র একসময় বকাটে হয়ে গিয়েছিলেন উল্লেখ করে নাটকে যুক্ত হওয়ার মাধ্যমে তাঁর জীবনের একটা পরিবর্তন এসেছিল বলে জানান। সিলেটে শুরু হওয়া এই নাট্য উৎসব সাফল্য কামনা করেন অর্থমন্ত্রী।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটারের সম্পাদক প্রবীর গুহ।
‘ফাগুন দিনের ডাক, দুই বাংলার ঝড়ো সংলাপে আঁধার দূরে মিলাক’ এ শ্লোগানে শুরু হওয়া ‘দুই বাংলা নাট্য উৎসব’ চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক। এতে ভারতের কলকাতার ৪টি এবং বাংলাদেশের ঢাকার ২টি ও সিলেটের ১টি নাট্যদল মঞ্চস্থ করবে তাদের পরিবেশনা।
বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশন ও বিপিএল এর দল সিলেট সিক্সার্সের সহযোগিতায় এই নাট্য উৎসবের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
নাট্য উৎসবের উদ্বোধনী দিনে আজ মঞ্চস্থ হয় কলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটারের নাটক 'লং মার্চ'। প্রবীর গুহ'র রচনায় নাটকটির নির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন শুভদীপ গুহ।
আপনার মন্তব্য