নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০১৮ ২৩:১৮

এবার ফয়জুরের ভাইয়ের জবানবন্দি

জাফর ইকবালের ওপর হামলা

লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসানের ভাই এনামুল হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৭ দিনের রিমান্ড শেষে  মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা  জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম তাকে আদালতে হাজির করেন।

সিলেট মহানগর হাকিম হরিদাস কুমারের আদালতে তিনি ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য চৌধুরী।

গত ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল (২৫)।

হামলার পর ফয়জুরের ব্যবহৃত ইলেকট্রনিক্স সামগ্রি নিয়ে পালিয়ে যান এনাম। গত ৯ মার্চ এনামুলকে গাজীপুর থেকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট(সিটিটিসি)-এর সদস্যরা। তার কাছ থেকে ফয়জুরের মোবাইল ও ট্যাব উদ্ধার করা হয়। পরদিন তাকে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৩ মার্চ থেকে তাকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। জবানবন্দিতে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয় তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা হচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত