২২ মার্চ, ২০১৮ ১৫:০২
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মো. রনি হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত পেশায় কাভার্ডভ্যান চালক। রনি যশোর সদর উপজেলার অলিউর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান চালিয়ে হবিগঞ্জের উদ্দেশে আসছিলেন রনি। পথে মাধবপুরের শাহজিবাজার এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেন। এ সময় গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আপনার মন্তব্য