মৌলভীবাজার প্রতিনিধি

২২ মার্চ, ২০১৮ ১৬:৫১

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' এই শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে কমলগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার সামনে একটি বিশাল আকৃতির জাতীয় পতাকা টেনে ধরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগের পৃথক পৃথক ব্যানার সম্বলিত বিশাল আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

এ শোভাযাত্রায় বর্ণিল সাজে উপজেলা প্রশাসনের সকল দপ্তর, পৌর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। ব্যান্ডের সাথে সাথে অংশগ্রহণকারী শিশুরা নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রাটিকে আনন্দে ভরপুর করে তুলে।

কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোকতাদির হোসেন পিপিএমসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানরাও এ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জঙ্গি দমন, বন ও জলদস্যু দমন ও আইন শৃঙ্খলার উন্নয়নে সাফল্যের উপর র‍্যাব প্রদত্ত একটি ভিডিওচিত্র প্রদর্শনী হয়।

এ ছাড়া এক সংক্ষিপ্ত আলোচনায় সরকারের উন্নয়ন ও সাফল্যের উপর বক্তব্য সহ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে লাল দল ও সবুজ দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ইসলামিক মিশনে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণে ঐতিহাসিক সাফল্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও হিসাব সহকারী মো. খাইরুল আমীন এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রায়হান ফারুক, ইসলামিক মিশন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মাওলানা খলিলুর রহমান, সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মাওলানা হারুনঅর রশিদ, হাজীনগর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জব্বার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক মিশনের ডা. শরফুদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত