২৩ মার্চ, ২০১৮ ২২:০৪
সিলেটে কার্টিজ পেপারের চরম সঙ্কট দেখা দিয়েছে। সঙ্কটের কারণে ৫টাকা মূল্যমানের কার্টিজ পেপার ৩০-৪০টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। গত ৪মাস ধরে এই সঙ্কট চলছে বলে জানিয়েছেন সিলেটের আদালত সংশ্লিষ্ট আইনজীবী, আইনজীবী সহকারীসহ একাধিক ভুক্তভোগীরা।
জায়গা সম্পত্তি দলিল, রেজিস্ট্রিসহ বিভিন্ন দাপ্তরিক কাজে কার্টিজ পেপারের প্রয়োজন হয়। সঙ্কটের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে এসব সেবাগ্রহীতাদের।
বৃহস্পতিবার (২২ মার্চ) সিলেটের আদালত প্রাঙ্গণের কয়েকটি ষ্ট্যাম্প ভেন্ডারে ঘুরে দেখা যায় ভেন্ডারগুলোতে কার্টিজ পেপার কিনতে এসেছেন একাধিক ক্রেতা। ভেন্ডারে কার্টিজ পেপারের সরবরাহ না থাকায় এক ভেন্ডার থেকে অন্য ভেন্ডারে ছুটাছুটি করতে দেখা গেছে তাদের অনেককেই।
জেলা আইনজীবী সমিতির ১নং বার হলের লাগোয়া সত্যেন্দ্র কুমার চন্দের ষ্ট্যাম্প ভেন্ডারে কার্টিজ পেপার কিনতে আসা আবুল হাসান নামের এক ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, কার্টিজ পেপার না পাওয়ায় এক ভেন্ডার থেকে অন্য ভেন্ডারে ছুটাছুটি করতে হচ্ছে। কার্টিজ পেপার না পাওয়ায় প্রয়োজনীয় কাজ সাড়া যাচ্ছে না বলে অভিযোগের সুরে এ কথা জানান তিনি।
ভেন্ডারের মালিক সত্যেন্দ্র কুমার চন্দ জানান, সরবরাহ না থাকায় এই সংকট চলছে। আমার ভেন্ডারে কার্টিজ পেপার না থাকায় বিক্রি করতে পারছি না। প্রতিদিন অনেকেই কার্টিজ পেপারের খুঁজে ভেন্ডারে আসছেন বলে তিনি জানান।
হাফিজুর রহমান নামে একজনের সাথে কথা হলে তিনি জানান, নিতান্ত বাধ্য হয়ে ৩০টাকা করে ৫টি কার্টিজ পেপার এক আইনজীবী সহকারীর সহায়তায় কিনেছেন তিনি। ৫-৭ টাকা মূল্যমানের কার্টিজ পেপার বেশি দামে কিনলেও দামের অতিরিক্ত টাকা মধ্যস্বত্ব ভোগীদের পকেটে চলে যাচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট বিভাস চন্দ্র দাস জানান, সিলেটে কার্টিজ পেপার সঙ্কটের কারণে পেশাগত কাজে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। ৫/৭ দিন এমনটা হলে হয়তো মেনে নেয়া যেত। এই অবস্থা দিনের পর দিন চলছে বলে জানান তিনি।
৪মাস থেকে সিলেটে কার্টিজ পেপার সঙ্কটের কথা জানিয়ে সিলেট জেলা ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন শাহান ও প্রচার সম্পাদক কাজী সমছুদ্দিন কার্টিজ পেপারের সংকট দূরীকরণে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আশু পদক্ষেপ নেয়ার দাবি জানান।
জেলা ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটের লাইসেন্সধারী ষ্ট্যাম্প ভেন্ডারেরা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় চালানের টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার পর চাহিদা সাপেক্ষে সংশ্লিষ্ট ট্রেজারি থেকে ষ্ট্যাম্পসহ কার্টিজ পেপার পেলেও বর্তমানে কার্টিজ পেপার পাচ্ছি না। ৯০জন সদস্যের ভেন্ডার সমিতির সদস্যরা বেশ কয়েকবার সিলেটে কার্টিজ পেপার সঙ্কট দূরীকরণের জন্য সংশ্লিষ্ট ট্রেজারি কর্মকর্তার দপ্তরে ধর্না দিয়ে সঙ্কট দূরীকরণের আশ্বাস পেলেও কাজ হয়নি। কেন্দ্রীয় দপ্তর থেকে কার্টিজ পেপারের সরবরাহ না থাকায় দেয়া যাচ্ছে না বলে সিলেটের ট্রেজারি দপ্তর থেকে সমিতির সদস্যদের জানানো হয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে জেলা ট্রেজারি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট খৃষ্টফার হিমেল রিসিল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্টিজ পেপার সঙ্কটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। তারা শীঘ্রই প্রয়োজনীয় পেপার সরবরাহের আশ্বাস দিয়েছেন।
আপনার মন্তব্য