গোলাপগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ, ২০১৮ ২৩:৪৯

গোলাপগঞ্জে ভুল চিকিৎসায় মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটের গোলাপগঞ্জে ভুল চিকিৎসায় ছিদ্দিক আহমদ ফুয়াদ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাতে মৃত ফুয়াদের চাচা শামিম আহমদ সেলিম বাদী হয়ে (মামলা নং -১০/২২-০৩-১৮ ইং) এ মামলা দায়ের করেন।

মামলায় হামিদ ফার্মেসীর পরিচালক খালেদ আহমদ (২৮) কে একমাত্র আসামী করে এ মামলা দায়ের করেন। ফুয়াদ উপজেলার ভাদেপাশা ইউনিয়নের বাগলার মীরের চক গ্রামের সৌদি প্রবাসী খছরুল আলমের পুত্র ও বাগলা হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র।

উল্লেখ যে, গত ২/৩ দিন আগে ফুয়াদের পায়ের কিছু অংশ কেটে গিয়ে পুঁজ জমে যায়। এজন্য বুধবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় বাগলা শাহী ঈদগাহ বাজারের হামিদ ফার্মেসীতে নিয়ে আসেন ফুয়াদের মা। এ সময় হামিদ ফার্মেসীর পরিচালক খালেদ আহমদ ফুয়াদকে একটি ইনজেকশন পুশ করেন। কিছুক্ষণের মধ্যে ফুয়াদের সারা শরীরে ঝাঁকুনি ও বমি শুরু হলে তাকে তাৎক্ষণিক একটি বমির ট্যাবলেট খাওয়ানো হয়। পরে তার অবস্থা আশংকাজনক হলে ঢাকাদক্ষিণের চিকিৎসক বি.কর্মকারের কাছে নিয়ে আসার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। খালেদ আহমদ বাগলা-মাইজপাড়ার সিরাজ উদ্দিনের পুত্র।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী মামলা দায়েরের ব্যাপারটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রধান আসামী খালেদকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত