২৪ মার্চ, ২০১৮ ১৮:১৫
আগামী সংসদ নির্বাচন যদি বিতর্কিত হয় তা হলে দেশ ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, বিতর্কিত নির্বাচন যাতে না হয় সেজন্য নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে। তিনি দশ ও গণতন্ত্র রক্ষায় সকল অশুভ শক্তিকে মোকাবেলা করার করতে সবাইকে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান।
শনিবার (২৪ মার্চ) সিলেটে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
নগরীর একটি হোটেল আয়োজিত বিভাগীয় পরিকল্পনা সভায় সুজন সম্পাদক বলেন, এক সময় সুজন দুর্বল ছিল। আমরা ভয় পেতাম। এখন আমরা শক্তিশালী। আমাদেরকে দুর্নীতিবাজ ও ক্ষমতা দখলকারীরা ভয় পায়। আর সকলেই সহযোগিতা করে।
সুজন সম্পাদক বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে সকলের পরামর্শ নিতে হবে। তিনি বলেন, নাগরিক সমাজ যদি সোচ্চার হয়, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বদিউল আলম দেশে সুশাসন নিশ্চিত করতে জঙ্গিবাদ ও মৌলবাদ রুখার আহবান জানান।
সুজন সিলেট কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, মৌলভীবাজার সভাপতি ছাদিক আহমদ, সিলেটের সহসভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ব্রাক্ষণবাড়িয়ার সাধারণ সম্পাদক একেএম শিবলী, সুনামগঞ্জের সাধারণ সম্পাদক আলী হায়দার, সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিনা আক্তার, সিলেট সদরের সভাপতি মিছবাউল বারী লিটন, দক্ষিণ সুনামগঞ্জের সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, সুনামগঞ্জ সদরের নুরুজ আলী, বিশম্ভরপুরের শেখ এটিএম আজরফ, তাহিরপুরের সাইফুল কিবরিয়া, জামালগঞ্জের মিছবাহ উদ্দিন, বিশ্বনাথের মধু মিয়া, ফেঞ্চুগঞ্জের খন্দকার মমতাজ বেগম, আব্দুল হালিম প্রমুখ।
পরিকল্পনা সভায় প্রত্যেক জেলা কমিটির নেতারা ২০১৮ সালের কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন। সভার শুরুতে নেপালে বিমান দুর্ঘনায় নিহত এবং সুজনের প্রয়াত সদস্যদের স্মরণে নিরবতা পালন করা হয়।
আপনার মন্তব্য