৩০ মার্চ, ২০১৮ ১৩:২৩
সিলেট নগরীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাকে ওয়েসিস হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে সাড়ে আটটার সময় সময় মুসা দক্ষিণ সুরমা থেকে কাজির বাজার সেতু দিয়ে সিলেট নগরীর রিকাবীবাজার আসছিলেন। হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সময় একটি চটপটির গাড়ি মোটর সাইকেলের উপর এসে আছড়ে পড়ে। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান সেখানে থাকা শাবির দুই ছাত্র। ওসমানীতে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও রক্ত বন্ধ হচ্ছিল না। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার জন্য বলেন।
ওসমানী হাসপাতালের আইসিইউতে সিট খালি না থাকায় তাকে ওয়েসিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
শুক্রবার মুসাকে এয়ার এম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানোর কথা রয়েছে বলে জানান মুসার রাজনৈতিক সহকর্মী ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশীদ আহমদ।
আপনার মন্তব্য