গোলাপগঞ্জ প্রতিনিধি

০১ এপ্রিল, ২০১৮ ০১:২২

গোলাপগঞ্জে বিদ্যুতের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুতের দাবীতে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বইটিকর বাজারের সিলেট-জকিগঞ্জ সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখা হয় ।

ফলে সিলেট-গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন ধরণের পরিবহনের যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করে।

জানা যায়, তিন দিনের কাল-বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও লাইন ছিঁড়ে যায়। এতে গত তিন দিন ধরে পুরো উপজেলা বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু কিছু এলাকার বিদ্যুতের লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে বলেও জানা যায়। ঝড়ে তিন দিন থেকে ফুলবাড়ি ইউনিয়নে বিদ্যুৎ না থাকায় স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শনিবার রাতে বইটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহার করে।

অবরোধকারীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তিন দিন ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুতের লাইন মেরামত করতে তিন দিন লাগার কথা নয়। বিদ্যুৎ না থাকায় অনেকের ফ্রিজে থাকা মাছ মাংস নষ্ট হয়ে গেছে। অনেক সমস্যার মধ্যে রয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুনুর রশীদ জানান, ৩ দিনের কাল-বৈশাখী ঝড়ে বিদ্যুতের ১০টি খুঁটি ভেঙে গেছে। এছাড়া উপজেলা বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা। আমরা খুটি ও লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি বলেন, অবরোধকারিদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত