০৪ এপ্রিল, ২০১৮ ২১:৪৫
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বাংলাদেশকে এখন আর কেউ তলা বিহীন ঝুড়ি বলতে পারবেনা। ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সরকার দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার পদ্মা সেতুর মতো চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করতে যাচ্ছে। বিশ্ব দরবারে আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
বুধবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
বর্তমান সরকার সবসময় দেশের মানুষের উন্নয়ন চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা বিনামূল্যে বই দিয়েছি শিক্ষার্থীদের। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা সবই চালু করেছে সরকার। মানুষ খেয়ে পড়ে বাঁচতে শিখেছে। আত্মনির্ভরশীল হওয়ার শক্তি পেয়েছে।
শিক্ষামন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জনগণকে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মসলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম।
এর পূর্বে শিক্ষামন্ত্রী লক্ষ্মীপাশার সানকপুর গ্রামে পঁচিশ লক্ষ সাতাশ হাজার টাকা ব্যয়ে গ্রামীণ রাস্তার উদ্বোধন করেন।
আপনার মন্তব্য