১০ এপ্রিল, ২০১৮ ২২:৩৯
সিলেটে ধর্ষণ বিরোধী ৭দিন ব্যাপী টানা কর্মসূচির দ্বিতীয় দিন পার করেছে ‘প্রতিবাদে প্রতিরোধে আমরা’। মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেল ৪.৩০মিনিটে তারা কেন্দ্রীয় শহিদ মিনার এর সামনে তাদের অবস্থান কর্মসূচি পালন করে।
‘কন্যা জায়া জননী চায় ধর্ষক মুক্ত ধরণী’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারা এ কর্মসূচি পালন করছে।
এটি পরিচালনায় রয়েছেন বাপ্পী মজুমদার, বর্ণা ব্যানার্জি , ফারহীন জাহান নুবা, ইমদাদুল হক, আনোয়ারুল ইসলাম, রীমা দাস সহ সাধারণ নাগরিক। তারা ব্যক্ত করেন, ইভেন্টটির মূল উদ্দেশ্য -‘ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের’।
তারা আরও জানান জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে তারা দাঁড়িয়েছেন এই প্রতিবাদ নিয়ে। ইভেন্টটির মূল শক্তি সাধারণ জনগণ ও শিক্ষার্থীবৃন্দ। সাতদিন ব্যাপী তাদের নানান কার্যক্রম এ ভেসে আসবে ধর্ষণ এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতার আহবান।
সেই প্রেক্ষিতে গতকাল তারা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ এর সামনে মানব বন্ধন এর মাধ্যমে শুরু করেন তাদের প্রথম দিনের প্রতিবাদ প্রতিরোধ কার্যক্রম। এতে উপস্থিত ছিলেন সিলেট এর মুক্তিযোদ্ধা, নাট্যকর্মী,চাকুরীজীবী সহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। বেলা ৩ ঘটিকা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ এ মানব বন্ধন শেষ হয় বিকেল ৫ ঘটিকায়।
আগামীকাল তারা মৌন মিছিল কর্মসূচি পালন করবেন। মিছিলটি বিকেল ৪ টায় অডিটোরিয়াম থেকে শুরু হয়ে ক্বীন ব্রিজে শেষ গিয়ে শেষ হবে।
আপনার মন্তব্য