মৌলভীবাজার প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০১৮ ১৯:৫৮

মৌলভীবাজারে নানা আয়োজনে বর্ষবিদায়

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বছরকে বিদায় জানালো মৌলভীবাজারবাসী।

শুক্রবার (১৩ এপ্রিল) বর্ষবিদায় উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলার উৎসব উদযাপন পরিষদ। মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজিত এ বর্ষবিদায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মরমী লোকগানের শিল্পী ও পুঁথিপাঠক ইউসুফ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলার উৎসব উদযাপন পরিষদ মৌলভীবাজারের আহবায়ক আব্দুল হাফিজ চৌধুরী ইমু। সাংস্কৃতিকর্মী হেলাল আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ।

এসময় উপবিষ্ট ছিলেন লোক গবেষক মাহফুজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক ছাত্রনেতা আফজল খান, সাংস্কৃতিক সংগঠক শিলা তালুকদার, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অপরদিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চৈত্রসংক্রান্তির আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদ। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ ১৪২৫ উদযাপন পরিষদের আহবায়ক আব্দুল মতিনের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

এদিকে শুক্রবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ সরকারের বর্ষবরণ অনুষ্ঠানের সময় সংকোচনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীতের আয়োজন করে। এ সময় উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

আপনার মন্তব্য

আলোচিত