১৩ এপ্রিল, ২০১৮ ২২:১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনে-দুপুরে শতবর্ষী গাছ কেটে নিয়েছে সাতগাঁও চা বাগান কর্তৃপক্ষ। আর এ গাছ কাটার জন্য মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। চা বাগান কর্তৃপক্ষ বলছে সড়ক ও জনপদ বিভাগের নির্দেশেই তারা এ গাছটি কেটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লছনা এলাকায় সাতগাঁও চা বাগান কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ গাছ কাটার অনুমিত দিয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে বিশালাকৃতির একটি শিরিষ গাছ কাটে।
গাছ কাটার সময় সাতগাঁও চা বাগানের ম্যানেজার রফিকুল ইসলাম উপস্থিত থেকে দিক নির্দেশনা দিয়েছেন। এই গাছ কেটে দীর্ঘ সময় রাস্তায় ফেলে রাখা হয় এতে ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এই গাছ কেটে রাস্তায় ফেলে রাখায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে দীর্ঘ সময়।
গাছটি কাটার ব্যাপারে সাতগাঁও চা বাগানের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, গাছটি কাটার জন্য সড়ক ও জনপদ বিভাগ আমাদের চিঠি দিয়েছে। তাই আমরা গাছটি কাটছি।
এদিকে, সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে গাছটি তাদের নয় স্থানীয় বনবিভাগের। এই গাছটি কাটার ব্যাপারে কাউকে কোনো ধরনের চিঠিপত্র বা মৌখিক আদেশ তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেও জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মণ্ডল জানান, গাছ কাটার ফলে হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়েছে। এই বিশালাকৃতি গাছটি কাটা এবং গাছটি কেটে শত শত যানবাহনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা দুটোই অপরাধ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশশেরুল সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বনবিভাগকে নির্দেশ দিয়েছি। বনবিভাগই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এই ব্যাপারে মুঠোফোনে স্থানীয় বনবিভাগের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আপনার মন্তব্য