১৫ এপ্রিল, ২০১৮ ১২:৫৩
সিলেটের ওসমানীনগরে নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে বর্ষবরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ এপ্রিল)পহেলা বৈশাখ সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি সিলেট-ঢাকা মহাসড়কের উপর দিয়ে প্রদক্ষিণ করে লালকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ঘুরে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের নেতৃত্বে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন, ওসি মোহাম্মদ সহিদ উল্যা, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য আবদাল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, উপজেলা স্কাউট কমিশনার নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল ও কণ্ঠ শিল্পী ডিকে জয়ন্তের যৌথ সঞ্চালনায় সকাল ১১টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ এসো এসো” গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈশাখী উদযাপন উপলক্ষে কয়েকটি স্টল নিয়ে আয়োজন করা হয় বৈশাখী মেলার। নানা ধরণের পিঠেপুলি, বাংলার ঐতিহ্যবাহী পণ্যের স্টল গুলোতে দর্শনার্থীদের উপছেপড়া ভিড় মেলাকে আরো প্রাণবন্ত করে তুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সস্ত্রীক যোগদান করেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সহধর্মীনি ও তাদের পরিবারের সদস্যরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের এক ফাঁকে পান্তা, মাছ ভাজা, পাটের শাঁখ, কয়েক ধরণের ভর্তা দিয়ে অনুষ্ঠানে আগত অতিথিরা করেন মধ্যহ্ন ভোজ। বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি মোহাম্মদ সহিদ উল্যার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য