সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৮ ১৯:৪৬

নাগরিকবান্ধব নগরী গড়তে মই মার্কায় ভোট দেয়ার আহবান আবু জাফরের

সিসিক নির্বাচনের সিপিবি-বাসদের মেয়র প্রার্থী বাসদ জেলা সমন্বয়ক শ্রমিক নেতা আবু জাফর সকলের জন্য বাসযোগ্য নাগরিকবান্ধব নগরী গড়ে তুলতে মই মার্কায় ভোট দিতে নগরবাসীর প্রতি আহবান জানান।

বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনব্যাপী নগরীর আম্বরখানা, চৌহাট্টা, কদমতলী, বাবনা পয়েন্ট, ভার্থখলা, মুক্তিযোদ্ধা চত্বর, গোটাটিকর গণসংযোগ ও পৃথক পথসভায় এই আহবান জানান।

তিনি বলেন, নির্বাচনে একদিকে অন্য মেয়র প্রার্থীরা নির্বাচনী আইন লঙ্ঘন করে পেশী শক্তি ও কালো টাকার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, আমরা তখন নির্বাচন কমিশনের আইন মেনে প্রচারণা চালিয়ে যাচ্ছি। জনগণের টাকায় আমরা নির্বাচন করে পেশী শক্তি ও কালো টাকার নির্বাচনী সংস্কৃতির বাহিরে জনগণের নতুন রাজনৈতিক সংস্কৃতি দাঁড় করানোর চেষ্টা করছি।

আমরা মনে করি নির্বাচনের আইন ভঙ্গকারীরা কখনও জনগণের প্রকৃত সেবক হতে পারবেন না। তাই নগরবাসী জনগণের প্রকৃত বন্ধু হিসেবে আমাকে মই মার্কায় ভোটা দিবে বলে প্রত্যাশা রাখি।

পথসভাগুলোতে বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় মেয়র প্রার্থী আবু জাফর ছাড়া আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রাহাত আহমদ, শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, মহানগর সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, ছাত্র ইউনিয়ন নেতা নাবিল এইচ প্রমুখ।

এছাড়া দিনব্যাপী গণসংযোগে মেয়র প্রার্থী আবু জাফরের সাথে ছিলেন, শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য রাহাত আহমদ, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহসভাপতি আল কাদেরী জয়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য হযরত আলী রাজীব, শ্রমিক ফ্রন্ট নেতা রুমন বিশ্বাস, ছাত্র ফ্রন্ট মহানগর সাধারণ সম্পাদক ওয়াদুদ আহমদ, ছাত্র ইউনিয়ন নেতা নাবিল এইচ, ইমন দেব, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা অমৃত মোহন্ত, এনামুল হক সামী, তাহমিনা, হাবিব হোসাইন, শাম্মা আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত