২৯ জুলাই, ২০১৮ ১৪:১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৩ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় আছেন। রোববার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পুরো জুলাই মাস ধরে স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর মাধ্যমে আমরা তিনটি জনমত জরিপ করিয়েছি।
এই জনমত জরিপ থেকে প্রাপ্ত ফলাফল উল্লেখ করে জয় লিখেন, সিলেটে বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আছেন ৩৩ শতাংশ ভোটার, আরিফুল হক চৌধুরীর সমর্থনে আছেন ২৮ দশমিক ১ শতাংশ ভোটার, ১ দশমিক ৩ শতাংশ প্রার্থীরা অন্যান্য প্রার্থীদের পক্ষে রয়েছেন। এছাড়া ১২ দশমিক ৬ শতাংশ ভোটার জরিপে উত্তর দেননি এবং ২৩ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়। ![]()
রাজশাহী সিটির প্রসঙ্গে জয় লিখেন, রাজশাহীর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন এর পক্ষে আছেন ৫৮ শতাংশ ভোটার, বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল এর পক্ষে আছেন ১৬ দশমিক ৪ শতাংশ ভোটার। অন্যান্য প্রার্থীর পক্ষে আছেন শূন্য দশমিক ৯ শতাংশ ভোটার, সিদ্ধান্তহীনতায় ১২ দশমিক ৩ শতাংশ ভোটার। এছাড়া জরিপে উত্তর দেননি ৯ দশমিক ৬ শতাংশ ভোটার।
বরিশাল সিটি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, বরিশালের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে রয়েছেন ৪৪ শতাংশ ভোটার, বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার এর পক্ষে রয়েছেন ১৩ দশমিক ১ শতাংশ ভোটার। অন্যান্য প্রার্থীর পক্ষে আছেন শূন্য দশমিক ৮ শতাংশ ভোটার। সিদ্ধান্তহীনতায় আছেন ২৩ দশমিক ৫ শতাংশ ভোটার। জরিপে উত্তর দেননি ১৫ দশমিক ৯ শতাংশ ভোটার।
সজীব ওয়াজেদ জয়ের প্রকাশিত এই জরিপ থেকে দেখা যায় সিলেট সহ তিনটি সিটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাই মেয়র হতে যাচ্ছেন।
তবে সিদ্ধান্তহীনতায় রয়ে যাওয়া বিশাল সংখ্যক ভোটাররাই জয় পরাজয়ে ফ্যাক্টর হতে যাচ্ছেন।
আপনার মন্তব্য