নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০১৮ ১৪:৫০

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জামাদি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। আজ রোববার বেলা ১২টার দিকে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়।

এসময় সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান উপস্থিত থেকে নির্বাচন কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের নিকট এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন।

তিনি বলেন, অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আমরা প্রস্তুত রয়েছি। নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হয়েছে। যথাসময়েই তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।

সিলেটের নিরাপত্তা ব্যবস্থা অনুকূলে রয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ শুরু করেছে। নির্বাচন চলাকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগামীকাল (সোমবার) সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নগরীর ১৩৪টি ভোট কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে পুলিশ। এসব কেন্দ্রে ২ জন করে অতিরিক্ত ব্যাটলিয়ান আনসার সদস্য অস্ত্র সহ দায়িত্ব পালন করবেন।

আপনার মন্তব্য

আলোচিত