১১ আগস্ট, ২০১৮ ২২:২৪
ছদ্মনাম ব্যবহার করেও আইনের চোখ ফাঁকি দিতে পারেনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী। প্রায় ৯ বছর ধরে পলাতক থাকা ওই আসামিকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
শুক্রবার (১০ আগস্ট) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. শাহীন (৪০)। শাহীন উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পুকুয়া গ্রামের মৃত মোছব্বির আলীর ছেলে। শনিবার (১১ আগস্ট) পুলিশ শাহীনকে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পুলিশ সূত্র জানিয়েছে, ২০০৯ সালে বিয়ানীবাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালত মো. শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এরপর থেকে শাহীন নিজের নাম পরিবর্তন করে ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড়লেখা
থানার এসআই মিন্টু চৌধুরী ও এএসআই রুবেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ডিমাই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘বিয়ানীবাজার থানার একটি হত্যা মামলায় আদালত শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে সে নিজের নাম পরিবর্তন করে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। শুক্রবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। শনিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
আপনার মন্তব্য