গোলাপগঞ্জ প্রতিনিধি

১২ আগস্ট, ২০১৮ ০০:০৭

গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দাফন সম্পন্ন

আপনজনদের হাহাকার, চোখের জল, দীর্ঘশ্বাস, অপলক দৃষ্টি আর শ্রদ্ধা ভালবাসায় শেষ বিদায় জানানো হল সড়ক দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা ও প্রবীণ রাজনীতিবিদ ফজলুর রহমান ফজলুকে।

শনিবার (১১ আগস্ট) বিকাল ৩টায় গোলাপগঞ্জ সরকারী এম.সি.একাডেমী স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে দাড়ীপাতন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তাঁর জানাজায় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব, সিকৃবি রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলালুজ্জ্বামান হেলাল, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাবেল, সিলেট ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো লোক অংশগ্রহণ করেন।

ফজলুর রহমান পৌর সদরের দাড়ীপাতন গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর এবং তিনি স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। গত বুধবার (৭ আগস্ট) গোলাপগঞ্জ হেতিমগঞ্জ বাজারের নিকট সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর থেকে তিনি কোমায় ছিলেন এবং মৃত ঘোষণার পূর্ব পর্যন্ত জ্ঞান ফেরেনি। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। একই ঘটনায় বুধবার গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালক পৌরসভার ঘোগারকুল মাঝপাড়া গ্রামের সিকান্দর আলীর ছেলে সুরুজ আলী ও তার ভাই তরমুজ আলীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এনিয়ে মোট তিনজন নিহত হন তারা সবাই অটোরিকশা যোগে গোলাপগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন।

দুর্ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ এবং ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও দাড়িপাতনস্থ সিলেট- জকিগঞ্জ সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ দিকে এ ঘটনায় তরমুজ আলী ও সুরুজ আলীর ভাই ফরমুজ আলী বাদি হয়ে দুর্ঘটনায় জড়িত ট্রাক চালক রাজীব আহমদ (২৫) কে একমাত্র আসামী করে একটি মামলা (মামলা নং-০৭/০৯-০৮-১৮) দায়ের করেন।

জানাজার নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত