১২ আগস্ট, ২০১৮ ০১:২৭
সুষ্ঠু নির্বাচন হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হতেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার সন্ধ্যা আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে সিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।
এই নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার স্থগিত দুটি কেন্দ্রে ভোট গণনা শেষে রাতে এ ফলাফল জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, আমি থেকেই বলে আসছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হলে আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হতাম। আজকের দুই কেন্দ্রের ফলাফলেই তা প্রমাণ হয়েছে। দুই কেন্দ্রে সুষ্ঠু ভোট হওয়ায় আমি বিপুল ব্যবধানে জয়ী হয়েছি।
তিনি বলেন, আমি কখনোই জনগণের ওপর থেকে বিশ্বাস হারাইনি। ভোটারেরা আমার আস্থার প্রতিদান দিয়েছেন। তাই এত কারচুপি ও অনিয়মের পরও আমি জয় পেয়েছি। আজ যেভাবে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এর ভোটের হিসাব দেখেই প্রকৃত চিত্র সহজে অনুমান করা যায়।’
সবার সহযোগিতায় সিলেটের উন্নয়ন অব্যাহত রাখবেন বলেও এসময় মন্তব্য করেন আরিফ।
সিলেটে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এর মধ্যে স্থগিত হওয়া ২টি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৪৭৮। এ হিসাবে আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করতে ১৬২ ভোটের প্রয়োজন ছিল। তবে আরিফুল দুই কেন্দ্র মিলিয়ে পেয়েছেন ২ হাজার ১০২ ভোট। সব কেন্দ্র মিলিয়ে প্রাপ্ত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ৬ হাজার ১৯৬ ভোট বেশি পেয়েছেন।
আরিফুলের প্রাপ্ত ভোট ৯২ হাজার ৫৯৩ ভোট। অন্যদিকে বদরউদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৩৯৭ ভোট।
সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃ ভোটে আরিফুল গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট এবং কামরান পেয়েছেন ১৭৩ ভোট। অপরদিকে হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল পেয়েছেন ১ হাজার ৫৩ ভোট এবং কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পুনঃ ভোট অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি।
গত ৩০ জুলাই সিলেটসহ রাজশাহী ও বরিশালে একযোগে তিন সিটি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিন অনিয়মের অভিযোগে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
স্থগিত হওয়া দুটি কেন্দ্র ছাড়া বাকি ১৩২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির আরিফুল পেয়েছিলেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আরিফুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। স্থগিত হওয়া দুটি কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৭৮৮। এ দুটি কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় মেয়র পদের ফল আটকে ছিল।
আপনার মন্তব্য