১২ আগস্ট, ২০১৮ ১৫:৪১
সিলেটের ওসমানীনগরে এক স্কুলছাত্র বলাৎকারের শিকার হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) বিকেলে উপজেলা সাদীপুর ইউপির ইব্রাহিমপুর(পশ্চিমপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। বলৎকারের শিকার স্কুলছাত্র একই ইউনিয়নের গজিয়া গ্রামের মুরাদ মিয়ার ছেলে ও সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র।
পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বলাৎকারের শিকার শিশু তাদের পার্শ্ববর্তী গ্রাম ইব্রাহিমপুরে তার নানা মৃত মদরিছ উল্যার বাড়িতে বেড়াতে যায়। জুমার নামাজে যাবার কালে বলাৎকারের শিকার শিশুর নানার পাশের বাড়ির বিচন মিয়ার ছেলে শুনর মিয়া (২৬) শিশুটিকে তার বসত ঘরে ডেকে নিয়ে পাশবিকভাবে বলাৎকার করে। ঘটনার পর বিষয়টি ভিকটিম শিশু তার পরিবারের সদস্যদের অবহিত করলে পরিবারের লোকজন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান কবির উদ্দিনের নিকট বিচার প্রার্থী হন। গত দুদিনেও এ ঘটনার কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় এবং বলাৎকারের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে নিয়ে তার অভিভাবকরা ওসমানীনগর থানা পুলিশের শরণাপন্ন হন।
পরে পুলিশ ঘটনাটি নোটভুক্ত করে অভিযুক্ত শুনর মিয়াকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে শিশুর পরিবারকে আশ্বস্ত করে। বলাৎকারের শিকার শিশুকে চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বলাৎকারের শিকার স্কুলছাত্রের পিতা মুরাদ মিয়া বলেন, তিনি বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করবেন।
ভিকটিমের বড় ভাই রুবেল মিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে আমার ভাইকে জোরপূর্বক বলাৎকার করেছে শুনর মিয়া। এ ব্যাপারে আমরা সাবেক চেয়ারম্যান কবির উদ্দিনের নিকট বিচার দিলেও গত দুদিনে তিনি বিষয়টি সমাধান করা দুরের কথা উল্টো ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এমনকি গত শুক্রবার রাত থেকে আমার ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর ও বুকে ব্যথা দেখা দিয়েছে। চিকিৎসা করাতেও নিতে দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে আমরা থানা পুলিশের নিকট এসেছি।
ওসমানীনগর থানার ওসি আলী মাহমুদ শিশু বলাৎকারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য বালাগঞ্জ উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য