০১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:০৬
সিলেটের মিরের ময়দান-সুবিদবাজার সড়কের বিভাজকে ১৩০টি রাধাচূড়া গাছ রোপণ করেছে আনন্দনিকেতন স্কুল কর্তৃপক্ষ।
শনিবার (১ সেপ্টেম্বর) সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি এই উদ্যোগের জন্য আনন্দনিকেতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
গতবছর বিদ্যালয়ের সম্মুখে নির্মিত সড়কের বিভাজকেও দৃষ্টিনন্দন রাধাচূড়া গাছ রোপণ করেছিল আনন্দনিকেতন। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ফলে সবগুলো গাছই বড় হয়ে নগরী সৌন্দর্য বৃদ্ধি করেছে। আনন্দনিকেতনের পরিচালক ডা. সাইরাস সাকিবার সহযোগিতায় ও অপর পরিচালক ডা. তাইফুর রহিমের তত্ত্বাবধানে এ কর্মসূচী বাস্তবায়ন হচ্ছে।
বৃক্ষরোপণের সময় আনন্দনিকেতনের একাডেমিক প্রধান শামীম চৌধুরী, প্রশাসনিক প্রধান ফাহমিনা নাহাস, আনন্দনিকেতন এলাম্নাই এসোসিয়েশনের সভাপতি সাবেত নাঈম চৌধুরী ও আনন্দনিকেতন আর্থক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের একাডেমিক প্রধান শামীম চৌধুরী বলেন, 'প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আনন্দনিকেতন সংবেদনশীল। আমাদের স্কুলের সামনের ডিভাইডারের সবগুলো গাছে ফুল ফোটাতে খুব ভাল লাগছে। আমরা ধাপে ধাপে এই রাস্তায় আরও কিছু গাছ লাগাতে চাই। গাছগুলো রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করি।'
আপনার মন্তব্য