সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৫১

বাহুবলের শচীঅঙ্গনে জন্মাষ্টমী উৎসব আয়োজন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের ন্যায় হবিগঞ্জের বাহুবলের শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে পালিত হবে জন্মাষ্টমী উৎসব।

কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাহুবল উপজেলা শাখা এবং শ্রীশ্রী শচীঅঙ্গন পরিচালনা পর্ষদের যৌথ উদ্যোগে রোববার সকাল সাড়ে ৯টায় জয়পুরের শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম মন্দিরে ‘শঙ্খ ধ্বনির’ মাধ্যমে তিনদিন ব্যাপী আয়োজিত জন্মাষ্টমী উৎসবের শুভ সূচনা করবেন হবিগঞ্জ শ্রীরামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ।  

এরপরে শুরু হবে উদ্বোধনী সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদল কবির মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাহুবলের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা জসীম উদ্দিন, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এবং ওসি মাসুক আলী প্রমুখ।

এরপরে শুরু হবে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের সঙ্গীত পরিবেশনা। সোমবার রাতে হবে শ্রীকৃষ্ণের অভিষেক এবং মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে ‘নন্দোৎসব’। ‘নন্দোৎসবে’র দিন মঙ্গলবার বেলা ১১টায় পদাবলী কীর্তন পরিবেশন করবেন বিশিষ্ট কীর্তনীয় সিটন রুদ্র পাল। এরপরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।   

জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী শচীঅঙ্গন ছাড়াও বাহুবলের অন্যান্য মন্দির বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ বাহুবলের তিনটি মন্দিরে সরকারি অনুদান দিয়েছেন। মন্দিরগুলো হল-জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় ‘শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম’, চকহায়দরে অবস্থিত ‘শ্রীশ্রী কানাই লাল জিউর আখড়া’ এবং বড়গাঁওয়ে অবস্থিত ‘শ্রীশ্রী শচীমাতা স্মৃতিতীর্থ ধাম (ইসকন মন্দির)’।
 
হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, আজ থেকে পাঁচ হাজার ২২৪ বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীতে দুষ্টদের দমন আর শিষ্টের লালনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে জন্ম নেন। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। এবার সেপ্টেম্বরের শুরুতেই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে।

জানতে চাইলে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি নিরঞ্জন সাহা নিরু বলেন, বাহুবলের সবচেয়ে বড় জন্মাষ্টমী অনুষ্ঠান পালিত হবে উপজেলার জয়পুরে অবস্থিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় ‘শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে’। শ্রীশ্রী শচীঅঙ্গনে আয়োজিত তিনদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হবে রোববার সকাল থেকে। এবারের জন্মাষ্টমী উৎসবে শ্রীশ্রী শচীঅঙ্গনে ভক্তদের ঢল নামবে এবং সকল ভক্তদের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা রয়েছে।  

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাহুবল উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন রায় বলেন, অন্যান্য বছর উপজেলা জুড়ে পূজা উদযাপন পরিষদ ‘র‌্যালি’ কর্মসূচি দিলেও এবার তা হচ্ছে না। এবার শ্রীশ্রী শচীঅঙ্গনে বড় পরিসরে জন্মাষ্টমীর আয়োজন করা হয়েছে। এতে জেলার সর্বোচ্চ কর্মকর্তার পাশাপাশি দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পীও উপস্থিত থাকবেন। জন্মাষ্টমী উপলক্ষে প্রশাসন সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত