০১ নভেম্বর, ২০১৮ ২০:০৫
‘তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব’ নেপোলিয়নের সেই স্মরণীয় উক্তিকে সামনে রেখে মা সমাবেশ করেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীর মায়েদের নিয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশ উপলক্ষে ছাত্রছাত্রীর আদর্শ জীবন গড়তে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাঝে মুক্ত আলোচনা হয়। এসময় শিক্ষার্থীর মা তাদের সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দেন।
দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক বিভাগীয় স্বাস্থ্য প্রধান ডা. হরিপদ রায় তার বক্তব্যে মা সমাবেশের গুরুত্ব ও আদর্শ শিক্ষার্থী হওয়ার ধাপগুলো আলোচনা করেন।
তিনি বলেন, শিক্ষিত মা যেমন শিক্ষিত জাতি দিতে পারে তেমনি একটি পারিবারিক শিক্ষালয় একজন মানুষকে আদর্শ শিক্ষা দিতে পারে। পারিবারিক শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, নৈতিক শিক্ষা শিশুর পরিবার থেকেই পেয়ে থাকে। একজন শিশু জন্মের পর থেকে কিশোর পর্যন্ত দীর্ঘ সময় পার করে মায়ের সাথে। অতএব আদর্শ শিক্ষার্থী গড়তে মায়েদের ভূমিকা অপরিহার্য।
তিনি আরো বলেন, অসৎ সঙ্গে শিক্ষার্থীরা অনেক সময় পড়ালেখা থেকে ঝরে পড়ে। লেখাপড়া থেকে ঝরেপড়া রোধে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো, বাড়িতে পড়ার পরিবেশ নিশ্চিত করা, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা, মাদকমুক্ত রাখা ও সন্তানদের বিনোদনে রাখার প্রতি মায়েদেরকে আহবান জানান তিনি।
এ বিষয়ে তিনি আরো বলেন, পড়ালেখা করলেই চাকরি করতে হবে ঠিক না। পড়া লেখা জ্ঞান অর্জনের জন্য। আর জ্ঞান অর্জন হলে সে যে কোনভাবে উপার্জন করতে পারবে।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিল্লাদ হোসেন মিল্লাদ, সাংস্কৃতিক কর্মী বুলবুল আনাম চৌধুরী, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আলী মিলনও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় পাল এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষিকা রহিমা বেগম।
আপনার মন্তব্য