০২ নভেম্বর, ২০১৮ ০১:২২
কমিটি গঠনকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে জেলা ছাত্র লীগের সভাপতি দিপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝাড়– হাতে নিয়ে মিছিল করে।
বৃহস্পতিবার বিকেলে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির তালুকদার, যুগ্ম আহবায়ক রিয়াদ আহমদ চৌধুরী, জামায়েল আহমদ ফরহাদ, মিয়া মোহাম্মদ নাহিদ, জাবেদ আহমদ তালহা, ইমরান এইস বাপ্পী, ফখরুল হাসান জেনিস ও মোস্তাক আহমদের নেতৃত্বে শহরে ছাত্রলীগের ঝাড় মিছিল অনুষ্ঠিত হয়। পরে তারা ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত ছাত্রলীগের ছাতক উপজেলা কমিটিকে অগঠনতান্ত্রিক ও অবৈধ বলে ঘোষণা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। এসময় নব গঠিত কমিটির ৯ জন যুগ্ম আহবায়ক কমিটি থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে ছাতক-দোয়ারায় অবাঞ্চিত ঘোষণা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পদত্যাগকারীদের মধ্যে ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী ও সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তব্যে ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন,‘কিছু অছাত্র, ব্যবসায়ী ও এক সময়ের ছাত্রশিবির কর্মীদের কমিটিতে অর্ন্তভুক্ত করে ছাত্রলীগকে কলংকিত করা হয়েছে।’ সম্পূর্ন অগঠনতান্ত্রিক ও অবৈধ পন্থায় গঠিত এ কমিটি অবিলম্বে বিলুপ্তি এবং জেলা সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রিয় ছাত্রলীগের প্রতি আহবান জানান তারা।
জানা যায়, প্রায় এক যুগ পর ছাতক উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের একদিন পর কমিটির ১৮জন যুগ্ম আহবায়কের মধ্য থেকে সিনিয়র যুগ্ম আহবায়কসহ ৯ যুগ্ম আহবায়কের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় বইছে। ছাতকের ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি বিতর্কের জন্ম দিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ৩১ অক্টোবর রাতে ৩১ সদস্য বিশিষ্ট ছাতক উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদনের একদিন পর কমিটি থেকে সিনিয়র যুগ্ম আহবায়কসহ ৯ জন যুগ্ম আহবায়কের পদত্যাগের বিষয়টি ছিল টব অব দ্যা টাউন।
আপনার মন্তব্য