সিলেটটুডে ডেস্ক

৩১ জুলাই, ২০১৯ ২০:২৩

‘ভূমিসন্তান বাংলাদেশ’র ‘বৃক্ষভিক্ষা’ কর্মসূচি শুরু হচ্ছে বৃহস্পতিবার

“বৃক্ষভিক্ষা” কর্মসূচিতে বৃক্ষদানের মাধ্যমে অংশগ্রহণ ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বাঁচানোর আহবান জানিয়ে নগরীতে প্রচারপত্র বিলি করেছে পরিবেশবিষয়ক সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’।

বুধবার (৩১ জুলাই) বিকেলে নগরীর রিকাবীবাজার থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত এলাকায় প্রচারপত্র বিলি করেন সংগঠনের সদস্যরা।

নগরীর চৌহাট্টার আলিয়া মাদ্রাসা মাঠে চলমান সিলেট বিভাগীয় বৃক্ষমেলার প্রাঙ্গণে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে “বৃক্ষভিক্ষা” কর্মসূচি শুরু হবে বলে জানান সংগঠনের সমন্বয়ক আশরাফুল কবীর।

তিনি বলেন, “বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, পাল্টে যাচ্ছে জলবায়ু আর এর সাথে অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছি আমরা, মানব সম্প্রদায়। এ অবস্থা থেকে পরিত্রাণের অন্যতম উপায়, বৃক্ষরোপণ।“

“বৃক্ষভিক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে গাছ কিনতে এবং সে গাছ লাগাতে উৎসাহিত করা হবে। এছাড়াও দান বা ভিক্ষার হিসেবে সংগৃহিত গাছ সিলেট লাক্কাতুরা চাবাগানস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এবং তৎসংলগ্ন এলাকায় রোপণ করা হবে”, বলেন আশরাফুল কবীর।

বৃক্ষভিক্ষা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “ভিক্ষাবৃত্তিকে একটি সামাজিক ব্যধি হিসেবে ধরা হয়। আমরা সেই ব্যধিকে বানাতে চাই আমাদের হাতিয়ার। এ ভিক্ষা পরিবেশের জন্য, এ ভিক্ষা বেঁচে থাকার জন্য। এ ভিক্ষা সমাজকে নাড়া দিয়ে আবারো জাগানোর জন্য।“

২০১৪ সালেও বৃক্ষভিক্ষা কর্মসূচির আয়োজন করে ভূমিসন্তান বাংলাদেশ এবং সে সময় সংগৃহিত বৃক্ষ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রাতারগুল জলারবন এর পাশ্ববর্তী অঞ্চলে রোপণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত