০৬ আগস্ট, ২০১৯ ২২:৩৯
ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এডিস মশা নির্মূলের লক্ষ্যে ও ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্তি পেতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিভিন্ন স্থাপনায় ফগার মেশিন দিয়ে ফগিং করা হয়েছে।
এসএমপি মঙ্গলবার (৬ আগস্ট) সারাদিন এ কর্মসূচি পালন করে বলে রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বর এখন দেশব্যাপী এক আতঙ্কের নাম। যা ছড়িয়ে পড়েছে সিলেটেও। এর অংশ হিসেবে নিজ উদ্যোগে এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয় ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয়ে ফগিং মেশিন দিয়ে মশা নিরোধক স্প্রে করা হয়। পর্যায়ক্রমে এসএমপি’র সকল স্থাপনা ও ইউনিটে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া এসএমপি’র উদ্যোগে এডিস মশা ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আপনার মন্তব্য