সিলেটটুডে ডেস্ক

০৭ আগস্ট, ২০১৯ ২০:১৭

সড়কে জেব্রা ক্রসিং স্থাপন নিয়ে মতবিনিময় সভা

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ স্থান সমূহে জেব্রা ক্রসিং স্থাপন, অপরিকল্পিত স্পিডব্রেকার সমূহ চিহ্নিতকরণ ও পরিকল্পিতভাবে পুনর্নির্মাণ নিয়ে সিসিক মেয়রের সাথে সভা করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নেতৃবৃন্দ।

বুধবার (৭ আগস্ট) দুপুরে নগর ভবন সম্মেলন কক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ পেশাজীবী ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করা হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও  সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর এবং সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর যৌথ উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভয় লিখিত বক্তব্যে আয়োজক রাজনৈতিক ফেলো বৃন্দ বলেন, বর্তমান সিলেট নগরীর বাসিন্দা ক্রমবর্ধমান এবং সেই সাথে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এর ফলে নগরীতে যানজট বৃদ্ধির পাশাপাশি সড়ক দুর্ঘটনার সংখ্যাও আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নগরীর উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল সমূহের সামনে নারী শিশু এবং অসুস্থ রোগীদের রাস্তা পারাপার এবং চলাচলে নিরাপত্তাহীনতার বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠে। এজন্য এসব  স্থানসমুহে জেব্রাক্রসিং স্থাপনের জোর দাবি জানান তারা।  

এছাড়া নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় অপরিকল্পিতভাবে নির্মিত স্পিডব্রেকার সমূহ চিহ্নিতকরণ ও পরিকল্পিতভাবে পুনর্নির্মাণ অত্যন্ত জরুরী বলে মনে করেন তারা। সভায় এসব বিষয়ে কার্যকরী ব্যবস্থা  গ্রহণের জন্য নেতৃবৃন্দ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘ মেয়াদী কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন।

সভায় প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নগরবাসির প্রতিদিনকার জীবন যাপন নিরাপদ এবং স্বাচ্ছন্দময় করতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দের জেব্রাক্রসিং  স্থাপন এবং স্পিডব্রেকার পুনর্নির্মাণের দাবি এবং প্রস্তাবনা সমূহ অত্যন্ত সময়োপযোগী। এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে কাজ বাস্তবায়নের ব্যবস্থা করা হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট আঞ্চলিক কো-অর্ডিনেটর মোছাম্মৎ রাহিমা বেগমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিুজর রহমান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা।

ডিআই এর মাস্টার ট্রেইনার ও ফেলোদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল, সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা আক্তার, জেলা যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ, মহানগর মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা বেগম প্রমুখ।  

আপনার মন্তব্য

আলোচিত