নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৩৯

নগরীর ৫ সড়কে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ

হযরত শাহ্জালাল (র.) মাজারে ওরস চলাকালে ৫টি সড়কে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন।

আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে ওরস চলাকালীন দু’দিন অর্থাৎ ৪-৫ সেপ্টেম্বর এ নির্দেশনা বলবৎ থাকবে।

বুধবার (০২ সেপ্টেম্বর) মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ আইন ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওরস উপলক্ষে যেসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো আম্বরখানা-চৌহাট্টা, দর্শন দেউড়ি-ঝর্ণারপাড়, মীরের ময়দান-ঝর্ণারপাড়, আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম (পূবালী ব্যাংকের সামনে থেকে)-দর্শনদেউড়ি, দর্শন দেউড়ি (পেট্রোল পাম্প থেকে)-রাজারগলি-মাজার গেট।

ওই সময় আম্বরখানা থেকে চৌহাট্টাগামী যানবাহন সুনামগঞ্জ ও ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে এবং চৌহাট্টা থেকে আম্বরখানাগামী যানবাহন রিকাবীবাজার-নয়াসড়ক দিয়ে চলাচল করবে।

ওরসে আসা যানবাহন পার্কিংয়ের জন্য পুলিশের পক্ষ থেকে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাজার ও আশেপাশের এলাকায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না।

এমসি কলেজ সংলগ্ন বালুচর সড়কের একপাশে এবং সুরমা বাইপাস থেকে বিকেএসপি পর্যন্ত সড়কের একপাশে গাড়ি পার্কিং করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত