০২ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:০৭
ব্লগার অনন্ত বিজয় হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে সিলেটের টুকেরবাজার থেকে জালালাবাদ থানা পুলিশ আবুল খায়েরকে গ্রেপ্তার করে।
খায়েরকে বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের হাজির করে ৭ দিনের রিমান্ডে নেয় সিআইডি।
সিলেটের কোর্ট ইন্সপেক্টর নজিবুল ইসলাম জানিয়েছেন, সিআইডি খায়েরের ১৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছিলো।
এরআগে একই আদালতে অনন্ত বিজয় হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে এই ঘটনায় গত ২৮ আগস্ট গ্রেপ্তার হওয়া মান্নান রাহি। ৭ দিনের রিমান্ড শেষে বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
২৮ আগস্ট ভোরে সিআইডির একটি দল সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব পালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের পুত্র মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান ওরফে এএএম নোমানকে আটক করে। রাহি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলেও নোমান এ ঘটনার দায় স্বীকার করেনি বলে জানিয়েছেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।
হত্যার দায় স্বীকার করা মান্নান রাহী (২৪) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিল। তবে স্নাতক শেষ না করেই পড়াশোনা ছেড়ে দেয় সে। অনন্ত বিজয় দাশও একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এরআগে গত ৭ জুন আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক ইদ্রিস আলী। রিমান্ড শেষে এখন জেলহাজতে আছেন ইদ্রিস।
আপনার মন্তব্য