১৬ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৪৬
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নুরুন নবী রাজুর অবহেলায় শিল্পী বেগম নামে অন্তসত্ত্বা মহিলার মৃত্যুর অভিযোগের তদন্ত বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
গত ৪ ও ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রতিবেদন অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন পত্রিকায় ছাপা হলে হাসপাতাল কর্র্তৃপক্ষ অভিযোগ তদন্তের উদ্যোগ নেন।
জানা গেছে, উপজেলার দক্ষিণ কাঁঠালতলী গ্রামের রফিক উদ্দিনের স্ত্রী শিল্পী বেগমকে পেটের ব্যথায় স্বামীসহ স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অ্যাসিসটেন্ট নুরুন নবী রাজু পরীক্ষা-নিরিক্ষা না করেই ঔষধ লিখে ভর্তির জন্য তাকে সিটে পাঠিয়ে দেন।
ঔষধ সেবন ও সেলাইন পুসের পরই খিচুনী উঠে তিনি মারা যান।
এ ঘটনার সংবাদ প্রকাশ হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন মেডিকেল অফিসার ডা. মো. আবু নাইম মাহমুদ হাসানকে প্রধান এবং ডা. মো. ইব্রাহীম আলী ও ডা. সঞ্জয় সিংহকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির প্রধান ডা. মোহাম্মদ আবু নাইম মাহমুদ হাসান তদন্ত সম্পন্নের সত্যতা স্বীকার করেন।
আপনার মন্তব্য