নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০১৫ ২১:০২

শিক্ষায় ভ্যাট প্রত্যাহারে রাজস্ব খাতে প্রভাব পড়বে : সিলেটে এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, যারা আয়কর দেওয়ার উপযোগী, কর ফাঁকি দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সিলেটের মানুষ আয়কর দিতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, এ কারণে লক্ষ্যমাত্রার তুলনায় সিলেটে বেশি আয়কর আদায় করা সম্ভব।

শুক্রবার বিকেল ৪টায় সিলেট মুহাম্মদ আলী জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী আয়কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অর্থনীতি সম্ভাবনাময় দেশ। এদেশে আয়কর খাত একটি শক্তিশালী ভূমিকা রাখবে। যে কারণে আয়করের লক্ষমাত্র দিন দিন বাড়ছে। তাছাড়া দেশে বিভিন্ন খাত থেকে আরো বেশি কর আদায় সম্ভব। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ বাস্তবায়ন ও দেশের উন্নয়নে রাজস্ব বোর্ড শক্তিশালী ভূমিকা পালন করছে।

জনকল্যাণের জন্য আয়কর আদায় করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন, রাজস্ব বোর্ড আগামীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়কর বিষয়ে রচনা প্রতিযোগীতার আয়োজন করবে। তাছাড়া আয়কর বিষয়টি পাঠ্য পুস্তকে অর্ন্তভুক্ত করা হলে আয়কর প্রদান সম্পর্কে আগামী প্রজন্ম আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারে রাজস্ব খাতে প্রভাব পড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজিবুর রহমান জানান, কিছুটা হলেও পড়বে। তবে প্রত্যাহারকৃত ভ্যাট অন্য খাত থেকে পূরণ করা সম্ভব। এছাড়া আয়কর প্রদান করতে আসা ব্যক্তিরা যাতে কোন হয়রানীর শিকার না হয়, সে দিকে নজর রাখতে কর কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে সিলেট কর আঞ্চলের কর কমিশনার মাহমুদুর রহমান, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম, যুগ্ম কর কমিশনার জাকির হোসাইন, উপ কর কমিশনার শান্ত কুমার সিংহ, সহকারি কর কমিশনার কাজল দেবসহ সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরআগে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সপ্তাহব্যাপী সিলেট আয়কর মেলা পরিদর্শন করেন। এসময় তিনি আয়কর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সিলেট কর অঞ্চলের কর্মকর্তা কর্মচারিদের দক্ষতার সাথে কাজ করায় প্রশংসা করেন। ওই দিন বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ভ্রাম্যমান আয়কর মেলা পরিদর্শন করেন।

আপনার মন্তব্য

আলোচিত