সিলেটটুডে ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:২৮

২৪ ঘন্টার মধ্যেই নগরীর কুরবানীর পশুর বর্জ্য অপসারণ হয়েছে : সিসিক

সিলেট নগরীর কুরবানীর পশুর বর্জ্যের পাশাপাশি চামড়া ব্যবসায়ীদের জড়ো করা চামড়া থেকে উদ্ভুত সকল প্রকার বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করেছে সিলেট সিটি কর্পোরেশন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টায় নগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলির কোথাও কোন কুরবানীর বর্জ্য নেই এবং ঈদের দিনের কুরবানীর পশুর বর্জ্য ঈদের দিনেই অপসারণ কাজ সম্পন্ন হয়েছে বলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চামড়া ব্যবসায়ীদের রাস্তায় জড়ো করে রাখা চামড়ার কারণে উদ্ভুত বর্জ্য শনিবার বেলা ১টার মধ্যে অপসারণকাজ সম্পন্ন করে সিলেট সিটি কর্পোরেশন। দুর্গন্ধমুক্ত রাখার জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা রাস্তা ব্লিচিং পাউডার ও পানি দিয়ে পরিস্কার করেছে।  

ঈদুল আযহায় কুরবানীর পশুর বর্জ্য পরিচ্ছন্ন করার কাজে এবার সিলেট সিটি কর্পোরেশনের ৯টি টিম ছাড়াও নিয়োজিত আছে সিলেট সিটি কর্পোরেশনের স্পেশাল মোবাইল টিম। ঈদের আগের দিন দুপুর ১২টা থেকে ১০টিমের মাধ্যমে ৪৫০ জন পরিচ্ছন্নতাকর্মী একযোগে নগরীকে পরিচ্ছন্ন করার কাজ করে যাচ্ছে। আর এসব কাজ সরেজমিন তদারকি করছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশরেন চীফ কনজারভেন্সী অফিসার মো. হানিফুর রহমান।

ঈদের দিন রাত (শুক্রবার) ১১টায় সিলেট নগরীতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিন পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, কুরবানীর পর পশুর বর্জ্য দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের দিনই বেশিরভাগ বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করেছে।

কোথাও কোন বর্জ্য বা দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে কীনা তা-ও খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। শুধু ঈদের আগের দিন এবং ঈদের দিন নয়, ঈদের পরবর্তী দুইদিনও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন করার কাজে সর্বদা নিয়োজিত থাকবে সিটি কর্পোরেশনের বিশেষ টিম-জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

সিলেট সিটি কর্পোরেশনের কনজারভেন্সী সুত্র উল্লেখ করে বলা হয়, এবার সাড়ে চারশ পরিচ্ছন্নকর্মী ছাড়াও ৩০টি ট্রাক সার্বক্ষণিকভাবে বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত আছে। এছাড়াও পরিচ্ছন্ন করার কাজে সম্পৃক্ত আছে ৬টি পানির গাড়ি। কোন এলাকায় বর্জ্য অপসারণ সংক্রান্ত যেকোন প্রয়োজনে ০১৬৭০৬০৩০৫৫ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

এদিকে ঈদের দিনের মতো ঈদের পরদিন শনিবারও সকাল থেকে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, সুরমা পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এসময় তিনি কুরবানীর পশুর বর্জ্য অপসারণ কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, সিলেট সিটি কর্পোরেশন এবার দ্রুততম সময়ের মধ্যেই ঈদের দিনই কুরবানীর পশুর বর্জ্য অপসারণে সক্ষম হয়েছে। তবে চামড়া ব্যবসায়ীরা রাস্তায় চামড়া ফেলে রাখার কারণে এসব রাস্তা ঈদের দিন পরিস্কার করা সম্ভব হয়নি। শনিবার সেইসব রাস্তাও দুপুরের মধ্যেই পরিস্কার করতে সক্ষম হয়েছে সিটি কর্পোরেশন।

আপনার মন্তব্য

আলোচিত