নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:০৪

গোয়াইনঘাটে ডাকাতের হামলায় পুলিশসহ আহত ৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে এক পুলিশসহ তিনজন আহত হয়েছেন।

সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই ইন্তাজ আলী জানান, সোমবার রাতে সালুটিকর থেকে অটোরিকশায় করে গোয়ানইনঘাট যাওয়ার পথে তারা ডাকাতের কবলে পড়েন।

হামলায় আহত মানাউড়া গ্রামের মাছ ব্যবসায়ী চিত্তরঞ্জন সরকার, লুৎফুর রহমান ও মৌলভীবাজার সদর থানার কনস্টেবল শরিফ উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অটোরিকশার যাত্রীদের বরাত দিয়ে এসআই ইন্তাজ আলী বলেন, সালুটিকর থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি গোয়াইনঘাটের দিকে যাচ্ছিল। পথে নন্দিগাঁও ইউনাটেড ব্রিকস ফিল্ডের কাছে ১০-১২ জনের একটি ডাকাত দল অটোরিকশাটি আটকে হামলা চালায়।

“তারা যাত্রীদের ছুরি মেরে নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।”

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে এসআই ইন্তাজ আলী জানান।

আপনার মন্তব্য

আলোচিত