২৯ সেপ্টেম্বর, ২০১৫ ২৩:৩১
সিলেট নগরীর উপশহরের তেররতনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপ। মঙ্গলবার রাত ৯ টার দিকে এ সংঘাত বাঁধে। এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
জানা যায়, যুবলীগ নেতা শামীম ইকবালের সাথে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদের দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে জাকারিয়া মাহমুদের অনুমারী ছাত্রলীগ কর্মীরা উপশহর বি ব্লক থেকে মিছিল নিয়ে বের হলে তেররতন এলাকায় যুবলীগ নেতা শামীম ইকবাল গ্রুপের সাথে সংঘর্ষ বাঁধে।
এ সময় উভয় পক্ষের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া কালে ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
একপর্যায়ে যুবলীগ কর্মীরা তেররতন এলাকা ত্যাগ করলে ছাত্রলীগ কর্মীরা উপশহর তিব্বিয়া কলেজের সামনে অবস্থান নেন।
তবে সংঘর্ষের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংঘাতের খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কাউকে আটক করেনি পুলিশ।
এ ব্যাপারে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, উপশহরে যুবলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধীপত্য নিয়ে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরেই দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আপনার মন্তব্য